মাদক কারবারে বাধা দেওয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাদক কারবারে বাধা দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে শনিবার (১৬ মে) সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত ৭০ বছরের বৃদ্ধ আবু আহম্মদ ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামের বাসিন্দা।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধের ছেলে ইব্রাহিম মিলন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ নিয়ে তার বাবার প্রায় বাগ্বিতণ্ডা হতো। শুক্রবার রাতেও মাদক কারবার নিয়ে বাবার সঙ্গে মিলনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিলন উত্তেজিত হয়ে তার বাবার শরীরে এলোপাতাড়ি কিল-ঘুসি এবং তলপেটে সজোরে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ আবু আহম্মদ ঢলে পড়েন এবং তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
