logo
Advertisement

বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির
বিদ্যুৎস্পৃষ্ট। প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে বাতাসী বেওয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ১০ বছর বয়সি নাতি তামীমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাতাসী বেওয়া পূর্ব শ্যামপুর গ্রামের মৃত সিদ্দিক পাঠানের স্ত্রী। আহত তামীম একই গ্রামের মুছা পাঠানের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে তামীম বাড়ির বসতঘরে থাকা একটি স্টিলের শোকেস সরানোর চেষ্টা করছিল। এ সময় ঘরের বৈদ্যুতিক তার ছিঁড়ে শোকেসের ওপর পড়ে। এতে শোকেসটি বিদ্যুতায়িত হয়ে তামীম বিদ্যুৎস্পৃষ্ট হয়। নাতিকে বাঁচাতে এগিয়ে গেলে বাতাসী বেওয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাতাসী বেওয়াকে মৃত ঘোষণা করেন। আহত তামীমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বসতঘরের আসবাব সরানোর সময় জিআই তারের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এ ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তামীম হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।