গাজীপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

গাজীপুরে ছয় বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন খান নামের এক শিক্ষককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করা না গেলে আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুর মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার আগে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। তবে আদালত সেই আবেদন নাকচ করে রায় ঘোষণা করেন। একই সঙ্গে পলাতক আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ আগস্ট সকাল পৌনে নয়টার দিকে গাজীপুরের গাছা থানার শরীফপুরের ধানবাড়ি এলাকার একটি বিদ্যালয়ে যায় নার্সারি শ্রেণির ওই শিক্ষার্থী। সকাল সোয়া নয়টার দিকে অন্য শিক্ষকেরা শ্রেণিকক্ষে চলে গেলে বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন খান শিশুটিকে বিদ্যালয়ের অফিসকক্ষে নিয়ে ধর্ষণ করেন।
ঘটনার পর শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের সদস্য ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর শিশুটির মা বাদী হয়ে গাছা থানায় মামলা করেন। মামলায় বিদ্যালয়টির সহকারী শিক্ষক আনোয়ার হোসেন খান এবং ঘটনায় সহযোগিতার অভিযোগে ফরিদা বেগমকে আসামি করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণ ও শুনানি গ্রহণ করে আদালত আনোয়ার হোসেন খানকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সেলিনা বেগম। তাকে সহযোগিতা করেন আইনজীবী মহিউদ্দিন ও জাকির কাদের।
আইনজীবী মো. মহিউদ্দিন জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে জারি করা সাজা পরোয়ানা সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।