মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গঠনে সরকার কাজ করলেও মূল ভূমিকা পরিবারকেই গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, রাষ্ট্রের নাগরিকদের সমাজে প্রতিষ্ঠিত করতে সরকার যেমন দায়িত্ব পালন করে, তেমনি ব্যক্তিগত পর্যায় থেকে একজন সুনাগরিক ও ভালো মানুষ গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের পরিচর্যার ভূমিকাই মুখ্য।
শনিবার (১৮ জুলাই) সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসন ও ময়মনসিংহ প্রেসক্লাবের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই ম্যাচের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, সন্তানের চলাফেরা, অভ্যাস ও বন্ধুবান্ধবসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে বাবা-মাকে সচেতন অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। তবেই সন্তান মাদকসহ সব ধরনের কুঅভ্যাস থেকে নিজেকে দূরে রাখতে পারবে এবং দেশ গঠনের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার অত্যন্ত আন্তরিক এবং এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূল করা একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামেরই অংশ। আমরা সবাই যে মাদকের বিরুদ্ধে, সেই বার্তা ছড়িয়ে দিতেই আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল ও জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন।
ম্যাচ চলাকালে মাঠের চারপাশে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
এদিকে মাঠের লড়াইয়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি জমে উঠলেও শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিশ্চিত করে ময়মনসিংহ জেলা প্রশাসন একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
