সীমান্তে জব্দ ১৪০০ রাউন্ড ৭.৬২ বুলেট

খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকা থেকে ৭.৬২ মিমি এসএমজির ১ হাজার ৪০০ রাউন্ড বুলেট ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে বংলাদেশ সীমান্তরক্ষী বহিনী (বিজিবি)।
শনিবার (১১ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার রাত ৮ টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে সন্দেহভাজন চারজন যাওয়ার সময় বিজিবির টহল দলের সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন। তারা মোটরসাইকেল ফেলে বিচ্ছিন্নভাবে পাহাড়ের বিভিন্ন দিকে পালিয়ে যান। পরে বিজিবির টহল দল তল্লাশি করে দুটি মোটরসাইকেল ও ৭.৬২ মিমি এসএমজির ১ হাজার ৪০০ রাউন্ড বুলেট জব্দ করে।
এ সময় তিনি আরও বলেন, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।