logo

বগুড়ায় ছাগলের ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে ব্যবসায়ী নিহত

বগুড়ায় ছাগলের ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে ব্যবসায়ী নিহত
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মানিক চৌধুরী (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া বাঙালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক চৌধুরী ঝাঝিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি ছাগলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিবেশী কাকরুলের সঙ্গে মানিক চৌধুরীর আগে থেকেই বিরোধ চলছিল। সোমবার কাকরুলের জমির ঘাস মানিকের ছাগল খেয়ে ফেলে। এ ঘটনায় দুজনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এর জেরে সন্ধ্যায় ঝাঝিড়া বাঙালী বাজারের দিকে যাওয়ার সময় মানিকের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, কাকরুল ও তার ভাতিজা রেজাউল লাঠিসোঁটা দিয়ে মানিককে মারধর করেন। এতে গুরুতর আহত মানিককে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।