স্কুলে যাওয়ার পর নিখোঁজ, তিন দিন পর মিলল মাটিচাপা মরদেহ

জামালপুরের মাদারগঞ্জে স্কুলে যাওয়ার পর নিখোঁজ হওয়া সাত বছরের শিশু মরিয়মের মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর স্থানীয় একটি বাড়ির মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসার মালিক জামিনুর ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরলোটাবর এলাকায় জামিনুর নামে এক ব্যক্তির বাড়ি থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম ওই এলাকার বাহাদুরের মেয়ে। সে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয় মরিয়ম। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শনিবার রাতে বিদ্যালয়ের পাশের জামিনুরের বাড়িতে মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।

