বিবিসিকে ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ও ১ কোটি টাকার মানহানির নোটিশ মাহদীর

বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজেই নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
মাহদীর পক্ষে বিবিসি বাংলাকে এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এসএম শাহরিয়ার কবির। বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বিবিসি বাংলার প্রধান সম্পাদক মীর সাব্বির বরাবর এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিবিসি বাংলা ‘দিল্লিতে মাহদী হাসানের সাথে কী ফয়সালা হয়েছিল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ভারতের অজ্ঞাত গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে দাবি করা হয়, মাহদী হাসান পর্তুগালের ভিসার জন্য চেষ্টা করছিলেন এবং তার কাছে ক্রিপ্টোকারেন্সি ছিল। এমনকি সেখানে ডিএসই সন্তোষী চৌধুরীকে হত্যার মতো গুরুতর ও ভিত্তিহীন অভিযোগও আনা হয়।
আইনজীবী শাহরিয়ার কবির নোটিশে উল্লেখ করেছেন, তার মক্কেল মূলত উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের ভিসা পাওয়ার চেষ্টা করছেন। বিবিসির প্রকাশিত প্রতিটি তথ্যই উদ্দেশ্যপ্রণোদিত ও ‘আওয়ামী প্রোপাগান্ডা’ দ্বারা প্রভাবিত।
তিনি আরও জানান, গত ২৪ ফেব্রুয়ারি ‘দ্য ডিসেন্ট’ তথ্যপ্রমাণসহ বিবিসির এই প্রতিবেদনের ভুল শনাক্ত করে তা প্রকাশ করেছে।
নোটিশে বলা হয়েছে, বিবিসির এই বিভ্রান্তিকর সংবাদের কারণে মাহদী হাসানকে সাইবার হামলা, সামাজিক হেনস্তা এবং পলাতক সন্ত্রাসীদের হুমকির মুখে পড়তে হয়েছে, যা তার সুনাম ক্ষুণ্ণ করেছে এবং চরম মানসিক যন্ত্রণার কারণ হয়েছে।
নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে বিবিসি বাংলাকে উক্ত সংবাদটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে প্রত্যাহার করে জনসম্মুখে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায়, দণ্ডবিধি ১৮৬০ এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫-এর অধীনে মানহানি ও ১ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মাহদী হাসান জানান, বিবিসি বাংলা কর্তৃক তার বিরুদ্ধে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদে এবং তার দাবি অনুযায়ী ‘অন্যায় ও মানহানিকর’ তথ্যের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিবিসি বাংলা তার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তার কাছে ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়সহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়, যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
মাহদী হাসানের অভিযোগ, যাচাই-বাছাই ছাড়া প্রকাশিত ওই প্রতিবেদন তার ব্যক্তি ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তাই তিনি বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছেন।