সিরাজগঞ্জে বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় বজ্রপাত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাড়ির গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় বজ্রপাতের পর ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার সামনে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, বাড়ির গেটম্যান জানিয়েছেন, গ্যাসের রাইজারে ‘বাজ’ (বজ্রপাত) পড়ায় আগুন ধরে যায়।


