মাদকের টাকা জোগাতে চার মাসের শিশুকে বিক্রি করলেন মামা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মাদক কেনার টাকা জোগাড় করতে সাড়ে চার মাস বয়সি ভাগিনাকে বিক্রি করেছেন শিশুটির মামা জিয়ারুল ইসলাম। পুলিশ অভিযান চালিয়ে জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার ও বিক্রি হওয়া শিশুকে উদ্ধার করেছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল পাঁচটায় জিয়ারুল ইসলামকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে, রোববার রাতে পার্বতীপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জিয়ারুল ইসলাম পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়ার মনোয়ার ইসলামের ছেলে।
বিক্রি হওয়া চার মাস বয়সি শিশুর নাম মাহিম ইসলাম আনাস। সে দিনাজপুর সদর উপজেলার আনন্দসাগর নেমতারা গ্রামের আল-আমিন ইসলাম ও মনিরা বেগম দম্পতির ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, শনিবার রাত ১২টায় পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়া নানার বাড়ি থেকে শিশুকে চুরি করে মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেন মাদকাসক্ত মামা জিয়ারুল ইসলাম। শিশুর খোঁজ না পাওয়ায় বাবা ও মা থানায় অভিযোগ করেন। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিক্রি হওয়া জায়গা থেকে শিশুকে উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ (ওসি) জানান, চুরি হওয়া শিশুর বাবা বাদী হয়ে মানব পাচার আইনে মামলা করেছেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়। গ্রেপ্তার জিয়ারুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।
