চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সন্তানকে বাঁচালেন বাবা

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে এক হৃদয়স্পর্শী ও রুদ্ধশ্বাস ঘটনার জন্ম দিয়েছেন এক বাবা। চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সন্তানকে আগলে রেখে প্রাণে বাঁচিয়েছেন তিনি।
জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) কটিয়াদী উপজেলার এক যুবক স্ত্রী ও সন্তানকে নিয়ে ট্রেনে ঢাকা যাচ্ছিলেন। পথে ভৈরব রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি হলে স্টেশনে নামেন। পুনরায় ট্রেনে ওঠার সময় মায়ের সঙ্গে থাকা শিশুটি অসাবধানতাবশত ট্রেন ও রেললাইনের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে যায়। ঠিক ওই মুহূর্তেই ট্রেনটি হর্ন দিয়ে ছেড়ে দেয়। এ দৃশ্য দেখে শিশুটির বাবা দ্রুত ছুটে গিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন এবং সন্তানকে আগলে ধরে শুয়ে পড়েন। পরে ট্রেনের একের পর এক বগি তাদের ওপর দিয়ে চলে যায়। আর নিচের ফাঁকা জায়গায় শুয়ে থাকেন তারা।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, দুপুর আড়াইটার দিকে তিতাস এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রায় আটটি বগি তাদের ওপর দিয়ে অতিক্রম করলেও বাবা ও সন্তান প্রাণে বেঁচে যান। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।