logo
Advertisement

আদালতের বেঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আসামি

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
আদালতের বেঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আসামি
পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত

পঞ্চগড় আদালতে জমির একটি মামলার হাজিরা দিতে এসে বারান্দার বেঞ্চে ময়নুল হক (৫৯) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (১৭ জুন) দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলায় এ ঘটনা ঘটে। আদালতের বারান্দার একটি বেঞ্চে মৃত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন উপস্থিত লোকজন।

নিহত ময়নুল হক জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আউলিয়া এলাকার বাসিন্দা। তিনি একটি জমি-সংক্রান্ত মামলার প্রধান আসামি ছিলেন।

নিহতের মামলার আইনজীবী সহকারী আনোয়ারুল ইসলাম জানান, ময়নুল জমি-সংক্রান্ত একটি মামলার হাজিরা দিতে এসেছিলেন। কিন্তু পরিদর্শনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসায় সময়মতো আদালত বসেনি। তিনি এজলাসের ভেতরে কিছু সময় বসেছিলেন এবং সেখানে একবার বমি করেন। পরে বাইরে এসে বারান্দার বেঞ্চে বসেন। তিনি কোনো অসুস্থতার কথাও বলেননি, স্বাভাবিকভাবেই মাথায় হাত দিয়ে শুয়ে ছিলেন। দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে আমরা কাছে গিয়ে দেখতে পাই তিনি মারা গেছেন। পরে বিষয়টি পুলিশ ও তার পরিবারকে জানানো হয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিংহ বলেন, আমরা দুপুরের খাবারের (লাঞ্চ) বিরতিতে যাওয়ার সময় বারান্দায় শুয়ে থাকা ওই ব্যক্তিকে ডাকার চেষ্টা করি। কোনো সাড়াশব্দ না পেয়ে পরে অনেক লোকজন এসে কাছে গিয়ে দেখতে পান তিনি মারা গেছেন।

ময়নুল হকের ভাতিজা ফয়সাল কবির বলেন, আমার চাচার তেমন কোনো বড় অসুখ ছিল না। বুধবার মামলার তারিখ থাকায় তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে আদালতে এসেছিলেন। তাঁর নামে বেশ কয়েকটি মামলা চলমান ছিল। হঠাৎ আমরা খবর পাই তিনি আর নেই।

এ বিষয়ে পঞ্চগড় আদালতের পরিদর্শক খান মো. শাহরিয়ার বলেন, তিনি বেঞ্চে শুয়ে ছিলেন। কোনো সাড়াশব্দ না পেয়ে আমরা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠাই। তবে অনেকেই বলছিলেন তিনি আদালতেই মারা গেছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুমন কুমার বণিক বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি মারা গেছেন, তা স্বাস্থ্য পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন হলে বিস্তারিত বলা সম্ভব হবে।