আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাইভেটকারচাপায় বৃদ্ধ নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর আহত যাত্রীদের উদ্ধার করতে গিয়ে প্রাইভেটকারের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা প্রাইভেটকার ভাঙচুর করে এবং একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেন।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাহাদিয়া পাঁচপীর মাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান আকন্দ উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত কদ্দুস আকন্দের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাহাদিয়া পাঁচপীর মাজার এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হলে তাদের উদ্ধার করতে এগিয়ে যান নুরুজ্জামান আকন্দ। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটিতে ভাঙচুর চালায় এবং একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



