সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আরেক মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীকে মারধর ও আহত করার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে করা পাঁচটি মামলার মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হলো।
বুধবার (৪ নভেম্বর) রাজবাড়ী সদর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট রাজবাড়ী শহরে শিক্ষার্থী উৎস সরকারকে মারধর করে আহত করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
বুধবার জেলা কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২৬ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৪০ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।
কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা জানান, জিআর মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন তার মক্কেল। পরে উচ্চ আদালত থেকে ওই মামলায় জামিন পান তিনি। এরপর জিআর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলাতেও তিনি জামিন লাভ করেন।
পরবর্তী সময়ে জিআর মামলায় এবং গত ১৫ অক্টোবর গোয়ালন্দ ঘাট থানার আরও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ বুধবার রাজবাড়ী সদর থানার আরেক জিআর মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
আইনজীবী আরও জানান, কাজী কেরামত আলীর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুটি মামলায় তিনি জামিন পেয়েছেন। ২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
