Advertisement

গরুর ডাকে ভাঙল মালিকের ঘুম, গরু রেখেই পালাল চোর

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
গরুর ডাকে ভাঙল মালিকের ঘুম, গরু রেখেই পালাল চোর
গরু চুরির চেষ্টা করেন লাল চিহ্নিত ব্যক্তি। ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় গরু চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে গরুর ডাকেই। গভীর রাতে গোয়ালঘরে ঢুকে গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও গরুর ডাকে মালিকের ঘুম ভেঙে গেলে ধাওয়া খেয়ে গরু ফেলে পালিয়ে যায় চোর।

শুক্রবার (২৫ জুলাই) ঘটনাটির ৩ মিনিট ২৪ সেকেন্ডের একটি সিসিটিভি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়।

এর আগে, বুধবার (২৩ জুলাই) দিবাগত গভীর রাতে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের গয়েশপুর গ্রামে লাভলু শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি বড় ধরনের লোহার কাটার দিয়ে গোয়ালঘরের শিকল কেটে ভেতরে প্রবেশ করেন। পরে তিনি গোয়ালঘরের দরজার ছিটকিনি খুলতে গেলে শব্দ হয়। এতে গোয়ালে থাকা গরুগুলো অস্থির হয়ে ডাকাডাকি শুরু করে। একপর্যায়ে গরুর ডাকে ঘুম ভেঙে যায় বাড়ির মালিকের। তিনি ও পরিবারের সদস্যরা চিৎকার করে বেরিয়ে এলে চোর গরু ফেলে পালিয়ে যায়।

ভুক্তভোগী লাভলু শেখ বলেন, বাড়ি ও গোয়ালঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ভোররাতের দিকে চোর তিনটি গরু চুরির উদ্দেশ্যে আসে। প্রথমে একটি সাদা বাছুরকে টেনে বাইরে নেওয়ার চেষ্টা করে। কিন্তু বাছুরটির ডাক এবং অন্য গরুর চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। পরে আমরা চিৎকার করলে চোরেরা গরু রেখেই পালিয়ে যায়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিষয় :ফরিদপুর