ভোটের দিন সবাই ভোটকেন্দ্র পাহারা দেবেন, যেন কেউ গণ্ডগোল করতে না পারে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের দিন আপনারা সবাই ভোটকেন্দ্র পাহারা দেবেন, যেন কেউ গণ্ডগোল করতে না পারে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের ফেসরাডাঙ্গী বাজারে নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। আপনারা সবসময় ভয় পান, ভোট দিতে যাব, গোলমাল না হয়। ভোট দিয়ে ফিরে আসব, সে সময় যাতে গোলমাল না হয়।
আপনাদের আমি আশ্বাস ও প্রতিশ্রুতি দিতে চাই- ইনশাআল্লাহ ভোটের দিন, ভোটের সময় বা অন্য সময় কখনো কোনো গোলযোগ হবে না। আমরা সেটা শক্ত হাতে দমন করব।
আপনারা এ দেশের নাগরিক, এ দেশের মানুষ; আমার যে অধিকার আছে, সেটা আপনারও আছে। সুতরাং ভয় পাবেন না, নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমরা আপনাদের পাশে আছি।
মির্জা ফখরুল বলেন, আমরা যদি সরকারটাকে ঠিক নির্বাচিত করতে না পারি, সঠিক লোকটাকে নির্বাচিত করতে না পারি তাহলে আমাদের কোনো কাজ হবে না। ভোটের দিন আপনারা সবাই ভোটকেন্দ্র পাহারা দেবেন, যেন কেউ গণ্ডগোল করতে না পারে। হিন্দু-মুসলমান সবাই মিলে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখবেন। কেউ যেন দুষ্টামি করার সাহস না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
মির্জা ফখরুল বলেন, অতীতে এ অঞ্চলে চাকরির জন্য টাকা-পয়সা নেওয়া হতো, আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদের কোনো কাজের জন্য টাকা দিতে হবে না। সেই সঙ্গে সব রকমের সন্ত্রাস বা দুর্বৃত্তায়ন বন্ধের জন্য কাজ করবে বিএনপি।
তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপস করে নাই। তিনি প্রতিহিংসার রাজনীতি থেকে সবাইকে বিরত থাকতে বলেছেন। আমরাও সেই পথ অনুসরণ করছি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে হিন্দু-মুসলিম সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।