logo

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
কুমিল্লায় গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার বুড়িচং উপজেলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ইউপি চেয়ারম্যান ও দুজন ইউপি সদস্য রয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ও রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দেশব্যাপী আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও নাশকতার আশঙ্কায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী (৫০), পূর্বহুড়া এলাকার মো. ফয়সাল ভূঁইয়া (২৬), পরিহলপাড়ার মো. আবুল কাশেম (৩৭), পূর্বহুড়ার শাকিব হোসেন (২২), ব্রাহ্মণপাড়ার দক্ষিণ তেঁতাভূমি এলাকার ছাত্রলীগ নেতা রাহাগীর আলম হৃদয় (২৭), বুড়িচং পশ্চিমপাড়ার শফিকুল রহমান (৪০), গোবিন্দপুরের আবু সানি খন্দকার শাকিল (২৮), বাকশীমূল ইউনিয়নের কাজী গোলাম কিবরিয়া (৪৩), ভরাসারের মমিনুর রহমান মোহন (৩৮), বাকশীমূল মধ্যপাড়ার মো. আনোয়ার হোসেন আনু মিয়া (৫৮), লোহাইমুড়ির মো. মাসুম হায়দার চৌধুরী (৪৯), রাজাপুরের আব্দুর রশিদ মেম্বার (৬৪) এবং ময়নামতি ইউনিয়নের জিয়াপুর এলাকার ইউপি সদস্য মো. সোহেল রানা (৪০)।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান এশিয়া পোস্টকে বলেন, কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের এসব নেতাকর্মীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।