logo

জনগণের কাছে আমাকে ছোট করবেন না লিখে এমপির পোস্ট

জনগণের কাছে আমাকে ছোট করবেন না লিখে এমপির পোস্ট
মোবাশ্বের আলম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

উন্নয়ন প্রকল্পের বরাদ্দ অপব্যবহার এবং কাজের গুণগতমানে কোনো ধরনের অনিয়ম করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমার প্রিয় কুমিল্লা-১০ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আপনাদের প্রতি আমার আকুল আবেদন, দয়া করে আমাকে জনগণের কাছে ছোট করবেন না। আমার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি বিভিন্ন দপ্তর থেকে জনগণের জন্য ভিক্ষা করে যতটুকু সহযোগিতা আদায় করে নিয়ে আসি সেটা অপব্যবহার করার চেষ্টা করবেন না।

ফেসবুকে তিনি আরও লিখেছেন, যেসব উন্নয়ন প্রকল্প আপনাদের মাধ্যমে প্রদান করছি, সেগুলার গুণগতমান চুক্তির শর্ত মোতাবেক রক্ষা করার চেষ্টা করবেন। যদি আমার এই নির্দেশ অমান্য করেন তাহলে আমার অন্য রূপ দেখতে পাবেন।