logo

কোরবানি আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়: আমানউল্লাহ আমান

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কেরানীগঞ্জ (ঢাকা)
কোরবানি আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়: আমানউল্লাহ আমান
ঈদুল আজহার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন সংসদ সদস্য আমানউল্লাহ আমান। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়। এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের শিক্ষা দেয়। কোরবানির মাধ্যমে মানুষ ত্যাগের মহিমা ও মানবকল্যাণে আত্মনিবেদনের বার্তা পায়।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এটি শুধু আনন্দ-উৎসবের দিন নয়। বরং তাকওয়া, আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা লাভের দিন।

তিনি বলেন, কোরবানির ঈদ মানুষকে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, ত্যাগের মানসিকতা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। একই সঙ্গে হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে কোরবানি করার আহ্বান জানায়।

বিএনপির এ নেতা আরও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো অহংকার, লোভ ও স্বার্থপরতা বিসর্জন দিয়ে মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা। ঈদুল আজহার ত্যাগের শিক্ষা সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন তিনি। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের এই জামাতে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলা মডেল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।