logo

‘দাঁড়িপাল্লায় ভোট করাটাই বাবার জন্য কাল হয়ে দাঁড়াল’

‘দাঁড়িপাল্লায় ভোট করাটাই বাবার জন্য কাল হয়ে দাঁড়াল’

পাবনার সাঁথিয়ায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিবারের দাবি, সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে ভোট করায় পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফছার সরদার (৪৫) ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে। তিনি দিনমজুরির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঘুঘুদহ গ্রামের দিনমজুর আফছার সরদারের চিৎকারে লোকজন এগিয়ে এসে হাত পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মেয়ে আমেনা খাতুন অভিযোগ করে বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট করাটাই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়াল। নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার ওপর হামলা চালায়, আমার বাবা আত্মরক্ষার্থে বাড়িতে পালিয়ে আসে।’ তার ধারণা, দাঁড়িপাল্লার প্রতিপক্ষরা তার বাবাকে হত্যা করেছে।

আফছারের মা আবেদা খাতুন বলেন, ‘আমার ছেলে সহজ-সরল। সে কাজ ছাড়া কিছুই বুঝতো না।’ এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, ‘আফছার সুন্দর মনের মানুষ ছিল। এলাকায় কারও সঙ্গে তার দ্বন্দ্ব ছিল না। আমার মনে হয়, তাকে ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে।’

এ বিষয়ে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বলেন, ‘পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’