চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

এশিয়া পোস্ট নিউজ
চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে কাউসারুজ্জামান বাবলু (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকায় আবুল নঈম সওদাগর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত বাবলু ওই এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। জীবিকা হিসেবে দিনমজুরির পাশাপাশি বালু ও ইট সরবরাহের ঠিকাদারি কাজেও যুক্ত ছিলেন তিনি।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে বাবলু নানার বাড়িতে দাওয়াতে গিয়ে ফেরার পথে মামাতো ভাই পলিনকে সঙ্গে নেন। বাড়ি ফেরার সময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল তাদের পথরোধ করে। প্রথমে বাবলুকে মারধর করা হয়, পরে কাছ থেকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা দ্রুত সরে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা আবুল কালাম সওদাগর দাবি করেন, তার ছেলে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আগে থেকেই হুমকি পেয়ে আসছিলেন। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বাবলুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।