Advertisement

হবিগঞ্জে ছাত্রদল নেতাকে ‘জীবিত দাফনের’ হুমকি

এশিয়া পোস্ট নিউজ, হবিগঞ্জ
হবিগঞ্জে ছাত্রদল নেতাকে ‘জীবিত দাফনের’ হুমকি
রাজিব আহমেদ রিংগন। ছবি : সংগৃহীত

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে ‘জীবিত দাফন’ করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাতে ছাত্রদল সভাপতির বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় এ জিডি করেন।

জিডি সূত্রে জানা যায়, সদর উপজেলার রায়ধর গ্রামের মৃত আকবর আলীর ছেলে মাওলানা কামরুল ইসলাম খান তার ফেসবুক আইডি থেকে প্রকাশ্যে শাহ রাজিব আহমেদ রিংগনকে হত্যা ও ‘জীবিত দাফন’ করার হুমকি দেন। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিএনপির হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জি কে গউছসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠন নিয়ে অশালীন, কটূক্তিমূলক ও রুচিহীন মন্তব্য করে আসছেন, যা দলের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

ফেসবুক পোস্ট। ছবি : সংগৃহীত
ফেসবুক পোস্ট। ছবি : সংগৃহীত

প্রকাশ্যে এমন হত্যার হুমকিতে রিংগন ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে জিডিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন এশিয়া পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরেই আমাকে হত্যা ও আক্রমণের হুমকি দেওয়া হচ্ছিল। সম্প্রতি কামরুল ইসলাম তার ফেসবুকে প্রকাশ্যে আমাকে জীবিত দাফনের কথা বলেছেন। আমি প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা ও নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মাওলানা কামরুল ইসলাম খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক জানান, জেলা ছাত্রদলের সভাপতির স্বজনের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। সেটি জিডি হিসেবে নথিবদ্ধ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :হবিগঞ্জ