শিশুসহ কারাগারে পাঠানো মায়ের জন্য জেলগেটে স্কুলপড়ুয়া দুই সন্তানের অপেক্ষা

লক্ষ্মীপুরে একটি মারামারির মামলায় এক নারীসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে এক নারীর সঙ্গে কারাগারে যেতে হয়েছে তার দুধের শিশুকেও। ছোট ভাইকে নিয়ে কারাগারে যাওয়ার পর মায়ের অপেক্ষায় স্কুলপড়ুয়া দুই সন্তানকে জেলগেটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সোমবার (১১ মে) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিচারক শাহ জামাল কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রিজন ভ্যানের ভেতর মায়ের কোলে থাকা শিশু ও জেলগেটে দাঁড়িয়ে থাকা ওই নারীর দুই সন্তানের ছবি ফেসবুকে দিয়ে আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির স্বপন একটি স্ট্যাটাস দিয়েছেন।
পোস্টে (হুবহু) তিনি লিখেন, ‘মায়ের সাথে দুগ্ধজাত ১ বছরের শিশুটিও হাজতে। অভিযোগ লোহার রড দিয়ে বাড়ি, এমসি নীল। আরো দুটি শিশু বাচ্চার পরীক্ষা চলমান। ৪৯৭ ও কাজ হয়নি, সদরে স্বাধীন ব্যবস্থার সুফল পাচ্ছি। মায়ের জন্য দুটি বাচ্চা জেল খানার সামনে দাঁড়িয়ে।’
এ বিষয়ে আদালতের পেশকার দেলোয়ার হেসেন বলেন, সিআর ৫৬৫ মামলায় দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আসামিদের আদালতের পুলিশ হাজতে দিয়েছি। পরে বাচ্চাকে কারাগারে নিয়েছে না কি বাসায় নেওয়া হয়েছে তা জানি না।
এজাহার সূত্রে জানায়, মামলার বাদী মাহাতাব উদ্দিন ভূঁইয়া। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাহাপুর এলাকার মৃত ছিদ্দিক উল্যাহ ভূঁইয়ার ছেলে। ১৫ এপ্রিল তার ওপর হামলার অভিযোগ এনে তিনি অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী সদর আদালতে মামলা দায়ের করেন। এতে প্রতিবেশী ওই নারীসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়।
আসামিপক্ষের আরেক আইনজীবী রাকিবুল হাসান তামিম বলেন, এজাহারে উল্লেখ করা হয়েছে ওই নারী লোহার রড দিয়ে বাদীর মাথায় আঘাত করেছেন। এতে বাদীর মাথা ফেটে মগজ বের হয়ে যায়। এজাহার দেখে আদালত মামলাটি আমলে নিয়ে মেডিকেল সার্টিফিকেট তলব করেন। বাদী মেডিকেল সার্টিফিকেট আদালতে জমা দিয়েছেন। তবে সেখানে সাধারণ জখম উল্লেখ করেছেন চিকিৎসকরা। এতে ঘটনাটি জামিনযোগ্য হলেও আদালত কারাগারে পাঠিয়েছেন। ওই নারীর সঙ্গে তার দুধের শিশুও এখন কারাগারে।
আইনজীবী মহসিন কবির স্বপন বলেন, দুধের শিশুসহ ওই নারী এখন কারাগারে রয়েছে। তার অন্য দুই সন্তান পঞ্চম শ্রেণির ছাত্র ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তাদের মাকে কারাগারে নেওয়ার পর তারা জেলগেটে গিয়ে মায়ের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল।
শিশু সন্তানসহ নারীকে কারাগারে নেওয়ার বিষয়টি লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল নিশ্চিত করেছেন। তিনি বলেন, আড়াই বছরের শিশুকে নিয়ে একটি মামলায় এক নারী এখন কারাগারে আছেন। বিকেলে তাদেরকে কারাগারে আনা হয়েছে।