logo
Advertisement

চট্টগ্রাম শহরে ‘যাতায়াত নিষিদ্ধ’ দুষ্কৃতকারী জাহেদকে কুপিয়ে খুন

এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
চট্টগ্রাম শহরে ‘যাতায়াত নিষিদ্ধ’ দুষ্কৃতকারী জাহেদকে কুপিয়ে খুন
যৌথ অভিযানে গ্রেপ্তার হন জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ। ২০২৬ সালের ১৯ জানুয়ারি চট্টগ্রামের সাতকানিয়ায়। ছবি: স্থানীয় সংবাদমাধ্যম সি-ভয়েস

চট্টগ্রাম শহরে প্রবেশ ও অবন্থান নিষিদ্ধ করা পুলিশের তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর তালিকায় এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদকে’ কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

Advertisement

রোববার (৩০ আগস্ট) রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলযোগে পুরানগড় এলাকা দিয়ে যাচ্ছিলেন জাহেদ। এ সময় দুর্বৃত্তরা গতিরোধ করে তাকে ঘিরে ফেলে। তার মাথায় কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জানুয়ারি জননিরাপত্তার স্বার্থে নগরে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা ৩৩০ জন চিহ্নিত দুষ্কৃতকারীর তালিকার এক নম্বরে ছিলেন জাহেদুল ইসলাম। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক কারবার, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর যৌথ অভিযানে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্রসহ জাহেদুল ইসলাম গ্রেপ্তার হন। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন তিনি।

পুলিশের ধারণা, মাদক ও অস্ত্রের কারবার, এলাকায় আধিপত্য বিস্তার, অপরাধী দলগুলোর অভ্যন্তরীণ বিরোধ কিংবা পুরানো শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।