জেলি পুশ করা চিংড়ি নেওয়া হচ্ছিল চট্টগ্রাম, র্যাবের অভিযানে ধরা

সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ট্রাকে করে নেওয়া হচ্ছিল জেলি পুশ করা চিংড়ি। গোপন সংবাদের ভিত্তিতে খবরটি পায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা যশোরের রাজারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৩৭ কেজি ৭০০ গ্রাম জেলি পুশকৃত চিংড়ি উদ্ধার করে।
শনিবার (২৯ আগস্ট) রাতে যশোরের কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে র্যাবের সঙ্গে মৎস্য অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাছ ব্যবসায়ী একটি ট্রাকে সাতক্ষীরা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন। খবরের সত্যতা যাচাই ও আইনি ব্যবস্থা নিতে রাজারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে র্যাব সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় তল্লাশির পর ট্রাকে মাছ পরিবহনের জন্য ব্যবহৃত ককশিটের ভেতর থেকে ৩৭ কেজি ৭০০ গ্রাম জেলি পুশ করা চিংড়ি উদ্ধার করা হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ীদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা জেলি পুশ করা চিংড়ি করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি প্রিন্স জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় অবৈধ ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ সংরক্ষণ বা পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



