logo

সড়ক নির্মাণকাজে অনিয়ম, হুইপের নির্দেশে দুই প্রকৌশলীকে শোকজ

সড়ক নির্মাণকাজে অনিয়ম, হুইপের নির্দেশে দুই প্রকৌশলীকে শোকজ
সড়ক পরিদর্শন করছেন হুইপ জিকে গউছ। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জ শহরের ব্যাক রোডে সড়ক নির্মাণকাজের নিম্নমানের সামগ্রী নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. জি কে গউছ। এ ঘটনায় কাজের মান নিয়ে গাফিলতির অভিযোগে হবিগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সড়কটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন হুইপ জি কে গউছ। এ সময় তিনি ঢালাইয়ের কাজে ব্যবহৃত বালু, ইট, পাথর ও মসলা তৈরির উপকরণের মান পরীক্ষা করেন। নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি নজরে আসায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর হবিগঞ্জ শহরের জজকোর্টের সামনে থেকে রাজনগর মসজিদের সামনে পর্যন্ত প্রায় ৬৪৯ মিটার সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এ কাজে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮১ লাখ টাকা। শুক্রবার বিকেলে নির্মাণকাজ পরিদর্শনের সময় হুইপ জি কে গউছ পৌর প্রশাসক মো. ময়নুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের মানের বিষয়টি অবহিত করেন। তিনি সরকারি কার্যাদেশ ও নির্ধারিত সিডিউল অনুযায়ী কাজের মান নিশ্চিত করে নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

এ সময় কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে কার্যসহকারী নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন হুইপ। পাশাপাশি দায়িত্বে অবহেলার বিষয়ে সংশ্লিষ্ট দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশনা দেন তিনি। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মো. ময়নুল হক, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, হুইপের নির্দেশনা অনুযায়ী (১ নভেম্বর) বিকেলে পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত এবং সংশ্লিষ্ট দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।