logo

বগুড়ায় মন্দিরে চুরি, ডোবা থেকে প্রতিমা উদ্ধার

বগুড়ায় মন্দিরে চুরি, ডোবা থেকে প্রতিমা উদ্ধার
বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দিরের একটি মূর্তি নিয়ে পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে ভাঙচুর করে দান বাক্সের টাকা ও বিভিন্ন পূজার সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মন্দিরের একটি মূর্তি নিয়ে পাশের ডোবা থেকে পুরোহিত উদ্ধার করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ডহরপুর কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের পুরোহিত শ্রী খগেন্দ্রনাথ প্রামাণিক জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার পূজা-অর্চনা শেষে তিনি মন্দির থেকে বাড়ি চলে যান। শুক্রবার সকালে মন্দিরে গিয়ে তিনি দেখতে পান, দান বাক্সটি ভাঙা এবং ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। এ সময় মন্দিরের একটি মূর্তিও পাওয়া যাচ্ছিল না।

পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মন্দিরের পাশের একটি ডোবা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া মাটিহাঁস থেকে হাটকড়ইগামী আঞ্চলিক সড়কের পাশের ধানক্ষেতে ‘সন্ন্যাসী ঠাকুর’ নামের আরেকটি মূর্তি পড়ে থাকতে দেখা যায়।

মন্দির কর্তৃপক্ষের দাবি, কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসার কাঁসি, কাঁসার প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রী এবং দান বাক্সের টাকা চুরি হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, মন্দিরে চুরি ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গ্রামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল থানায় এসে অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।