আশুলিয়ায় দুই বছরের শিশু নিখোঁজ, ১০ দিনেও সন্ধান নেই

সাভারের আশুলিয়ায় নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও দুই বছরের শিশু মিম আক্তারের সন্ধান মেলেনি। মিম কোথায় আছে, কেমন আছে—এমনকি সে জীবিত আছে কি না, সেটিও নিশ্চিতভাবে জানতে পারছে না তার পরিবার। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে শিশুটির মা-বাবা ও স্বজনদের।
পুলিশের কাছে করা অভিযোগ সূত্রে জানা গেছে, মিম আক্তার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছাড়া এলাকার বাসিন্দা শাহীন আলম ও রাবেয়া খানম দম্পতির মেয়ে। তারা বর্তমানে আশুলিয়া থানার পলাশবাড়ী বটতলা এলাকার জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থাকেন। পরিবারের জীবিকার তাগিদে মিমের মা রাবেয়া খানম স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর মিমের দেখাশোনার জন্য মোছা. বেলী বেগম (৩৫) নামের এক নারীকে গৃহকর্মী হিসেবে বাসায় রাখা হয়। ৮ সেপ্টেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে রাবেয়া খানম মেয়েকে বেলী বেগমের জিম্মায় রেখে কারখানায় কাজে যান। রাত ১০টার দিকে কাজ শেষে বাসায় ফিরে তিনি দেখেন, মিম বাসায় নেই। বেলী বেগমকেও পাওয়া যায়নি।
পরে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ও বিভিন্নভাবে খোঁজ নিয়ে রাবেয়া খানম জানতে পারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে, বেলী বেগম, মো. সিদ্দিক (৫০) এবং আরও অজ্ঞাতনামা দুই থেকে তিনজন মিলে মিমকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করেছেন।
এ ঘটনায় মিমের মা রাবেয়া খানম আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
রাবেয়া খানম বলেন, আমার সন্তান কোথায় আছে, কী অবস্থায় আছে—কিছুই জানি না। ১০ দিন ধরে বুকের মধ্যে কষ্ট নিয়ে অপেক্ষা করছি। আমার সন্তানকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।
মিমের স্বজনেরা জানান, শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের উদ্বেগ ও উৎকণ্ঠা দিন দিন বাড়ছে। তারা দ্রুত মিমকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শিশুটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।


