logo

চলন্ত বাসে আগুন, জানালা দিয়ে লাফিয়ে নামতে গিয়ে যাত্রীর মৃত্যু

চলন্ত বাসে আগুন, জানালা দিয়ে লাফিয়ে নামতে গিয়ে যাত্রীর মৃত্যু

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত অবস্থায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাসের জানালা দিয়ে লাফ দিয়ে পড়া এক যাত্রীর মৃত্যু হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন চালকসহ অন্তত ২৫ যাত্রী।

রোববার (১২ এপ্রিল) বিকেলে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি বাস গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় পৌঁছলে হঠাৎ আগুন ধরে যায়। বাসটি পুড়ে যাওয়ার আগেই চালকসহ যাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে যান। কিন্তু এক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়েন। এ সময় তিনি বাসের সঙ্গে পুড়ে মারা যান। তবে ওই যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

প্রত্যক্ষদর্শী অটোরিকশার চালক কামরুল ইসলাম বলেন, পাথুরিয়া পার বাজার স্ট্যান্ড অতিক্রম করার পর বাসটির ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি টের পেয়ে চালক দ্রুত বাসটি মহাসড়কের মেলকাই এলাকার মহাসড়কের পাশে থামান। এর পরপরই আগুন বাসের ভেতরে ও বাইরে ছড়িয়ে পড়ে।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বাসটির ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বাস পুড়ে গেছে। এ সময় এক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে মারা যন। আরও এক যাত্রী আহত হয়েছেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বাসটিতে ২৫ জনের মতো যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা দ্রুত নেমে যেতে সক্ষম হন। তবে এক যাত্রী জানালা দিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে মারা গেছেন বলে জানা গেছে।