চিৎকার শুনে মা-ভাই গিয়ে দেখেন বাবাকে কোপাচ্ছেন ছেলে

নরসিংদীর শিবপুরে নিজ বাড়িতে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সখিনা বেগম ও ছোট ছেলে নুরুন্নবী রাশেদ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫) পলাতক রয়েছেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিলের সঙ্গে তার বাবা আব্দুল বাছেদের কোনো পারিবারিক বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে বাবা-ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে হঠাৎ আর্তচিৎকার শুনে পাশের কক্ষ থেকে সখিনা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে দেখতে পান, শাকিল তার বাবাকে পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করছেন।
এ সময় বাধা দিতে গেলে শাকিল তার মা সখিনা বেগম ও ছোট ভাই নুরুন্নবীকে কুপিয়ে আহত করে পালিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই আব্দুল বাছেদের মৃত্যু হয়। খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



