logo

ধামরাইয়ে টানা তিন রাতে ৩ বাসে আগুন

ধামরাইয়ে টানা তিন রাতে ৩ বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে বাসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিনের কর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার ধামরাইয়ে টানা তিন রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবশেষ রোববার (৮ নভেম্বর) ভোরে উপজেলার শরীফবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস জানায়, রোববার ভোরে আফাজ উদ্দিন কলেজের সামনে শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটির মালিক লুৎফর রহমান।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ নিয়ে টানা তিন রাতে ধামরাইয়ে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, গত তিন দিনে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গতকালের ঘটনার পরই আমরা বাস মালিকদের বুঝিয়েছি এবং বাসগুলো নিরাপদে রাখার পরামর্শ দিয়েছি। বাসের সঙ্গে পাহারাদার রাখতে অথবা নজরদারির মধ্যে রাখতে বলেছি। এরপরও বাইরে রাখা আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, আগুনের ঘটনাগুলো রাজনৈতিক নাকি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা সামনে রেখেই তদন্ত করা হচ্ছে। তিনটি ঘটনার মধ্যে একটি বাসের মালিক থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছি। আশা করছি, ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।