logo

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে ওএসডি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে ওএসডি

নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে দীর্ঘদিনের আলোচনা-সমালোচনার মধ্যেই কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, হাসপাতালটিতে রোগীদের সেবায় অব্যবস্থাপনা, দালালচক্রের দৌরাত্ম্য, চিকিৎসক-নার্স সংকট এবং পরিষেবা নিয়ে অসন্তোষ নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। এসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা চলছিল। তবে এই বদলির বিষয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

বদলির বিষয়ে কুমেক হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজ এশিয়া পোস্টকে বলেন, এটি নিয়মিত বদলি। আমাকে কোনো কারণ দেখানো হয়নি। এখানে তো দুই বছরেরও বেশি সময় হয়ে গেল। আমি হাসপাতালে আসার পর যথেষ্ট কাজ করেছি। আর ভুলত্রুটি থাকতেই পারে। তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।