রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. মোমেন খাঁ (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহত ব্যক্তি স্থানীয়ভাবে যুবদল কর্মী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত।
সোমবার (১১ মে) দুপুর ১টার দিকে রূপগঞ্জ উপজেলার বরুনা বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মোমেন খাঁর স্ত্রী রিথী আক্তার জানান, তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঘটনার সময় বরুনা বড় মসজিদ এলাকায় আওয়ামী লীগ সমর্থিত শফিক ও মাহিনের নেতৃত্বে ১৫–২০ জনের একটি দল তার স্বামীর ওপর হামলা চালায়। এ সময় মোমেন খাঁর ডান পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হয় এবং বাঁ হাতে ছুরিকাঘাত করা হয় বলে তিনি দাবি করেন। হামলার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানান তিনি।
এদিকে আহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি রূপগঞ্জের বরুনা এলাকার মোহাম্মদ নুরুল খাঁর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রূপগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। তার ডান পায়ের ঊরুতে গুলির আঘাত এবং বাঁ হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।