২৯ ঘণ্টা পর রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দীর্ঘ ২৯ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাস ও বিভিন্ন দাবি পর্যালোচনার পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ ঘোষণা দেন তারা। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা পুনরায় কাজে যোগ দেবেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিট থেকে বিকেল ৩টা ২৫ মিনিট পর্যন্ত হাসপাতালের সম্মেলনকক্ষে পরিচালকের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের উপস্থিতিতে ৭০ থেকে ৮০ জন ইন্টার্ন চিকিৎসক অংশ নেন।
ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা, ওয়ার্ডে মনিটরিং ব্যবস্থা চালু করা, চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
বৈঠকে হাসপাতাল পরিচালক জানান, ওষুধ সরবরাহ বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে মনিটরিং টিম গঠন করা হবে। এ ছাড়া ক্যাজুয়ালটি ব্লকের অবজারভেশন ওয়ার্ড আগামী ১ নভেম্বর থেকে চালু করার উদ্যোগের কথাও জানান তিনি।
পাশাপাশি হাসপাতালে নিরাপত্তা জোরদারে পুলিশ ও আনসারের যৌথ টহল বাড়ানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ২০০ জন আনসার সদস্য মোতায়েন করা হবে এবং আরও ১০০ জন আনসার সদস্য মোতায়েনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন না হলে ইন্টার্ন চিকিৎসকরা পুনরায় কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ও সহযোগী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ জানান, দীর্ঘ বৈঠকের পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারে সম্মত হয়েছেন। জনবলস্বল্পতার কারণে তারা শুক্রবার থেকে পূর্ণাঙ্গভাবে কাজে ফিরবেন বলে আশ্বস্ত করেছেন।
