সাভারে মশাল মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর প্রবেশমুখ ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারে মশাল মিছিল প্রস্তুতিকালে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (১ আগস্ট) সকালে আমিন বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাকির আল আহাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুর ব্রিজের কাছে টিমটেক্স গার্মেন্টসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. রাকিব শিকদার, মহিবুল্লাহ আল সাব্বির, মো. ইকবাল, মো. সামিউল ইসলাম, মো. শফিকুল ইসলাম খান ওরফে ইদ্রিস, মো. রিপন, মো. ইব্রাহিম, মো. ওয়ালিউর রহমান এবং মো. রমজান। তারা রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আমিন বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির আল আহাসান জানান, গ্রেপ্তারকৃতরা আদাবর এলাকা থেকে এসে মহাসড়কে অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমাদের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করে।
তিনি আরও জানান, অভিযানকালে পুলিশ আসামিদের কাছ থেকে মিছিলের একটি ডিজিটাল ব্যানার, ৫টি ব্যবহৃত মশাল ও ৩টি মোটরসাইকেল জব্দ করে। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)






