ঘুম ভাঙতেই দুঃস্বপ্ন, যেভাবে ঘটল সরকারি কোয়ার্টারে ডাকাতি

নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তার কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাসায় ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
শুক্রবার (১ মে) রাত ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সরকারি কোয়ার্টারে উপপ্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, মুখে কালো মাস্ক পরিহিত তিন সদস্যের একটি দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। প্রবেশের পরপরই ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তার স্ত্রীকেও ভয়ভীতি দেখিয়ে গলায় থাকা সোনার চেইন, হাতের আংটি ও রুপার নুপুর খুলে নেয়। পরে ঘর তল্লাশি চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা নগদ এবং দুটি অ্যানড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় তারা। ডাকাতির সময় আশপাশের বাসিন্দারা যেন বের হতে না পারে, সে জন্য পাশের কোয়ার্টারের দরজাগুলো বাইরে থেকে আটকে দেয় ডাকাত দল।
ঘটনার পর ডাকাতরা চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনাস্থলের পাশ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।