Advertisement

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরও এক শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরও এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে বেড়েছে রোগীদের ভিড়। ছবি: এশিয়া পোস্ট

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাড়ে চার মাসে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ৬৬ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৯০ শিশু।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন ও শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. ওমর ফারুক।

ডা. ওমর ফারুক বলেন, গতকাল বুধবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার বনুয়াপাড়া থেকে তিন মাসের এক শিশুকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও সেপটিক শকে মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ৩০ জুলাই সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩ হাজার ১০৩ শিশু ভর্তি হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ১৯ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছে ২ হাজার ৯৪৭ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসকেরা দিনরাত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিষয় :ময়মনসিংহ