ভাঙারির দোকানে পরিত্যক্ত মর্টার শেল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

এক মাস আগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভাঙারি কিনতে গিয়ে এক নারীর কাছ থেকে উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল অবশেষে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার আজিজ নগর এলাকায় নিরাপদ স্থানে মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, সীমান্ত ও লোকালয় থেকে নিরাপদে নিয়ে বোম ডিসপোজাল টিম মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে। এ সময় বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি তেঁতুলিয়া সদর ইউনিয়নের রণচন্ডী এলাকায় ভাঙারির দোকানি আশরাফুল আলম স্থানীয় এক নারীর কাছ থেকে পুরোনো লোহার বস্তু কেনেন। পরে বস্তুটি নিয়ে সন্দেহ হলে তিনি বিষয়টি তেঁতুলিয়া মডেল থানা-পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশের একটি দল এবং স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তুটি প্রাথমিক পরীক্ষা করে এটিকে একটি পরিত্যক্ত মর্টার শেল হিসেবে শনাক্ত করেন। মর্টার শেলটি পুলিশের হেফাজতে রাখা হয়। পরে আদালতের নির্দেশে আজ সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে মর্টার শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।