বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
সুমন শেখ। ছবি : সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামের এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Advertisement

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়ভাগ গ্রামের পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।

নিহত সুমন শেখ বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে। তিনি পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বড়ভাগ গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের পরিবারের সঙ্গে সুমন শেখদের দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলে আসছিল। গতকাল সন্ধ্যার দিকে সুমন কাশিয়ানী থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বড়ভাগ পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে পৌঁছালে হুসাইন শেখ ও শামীম শেখের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমনের বড় ভাই শামীম শেখ বলেন, গ্রামের হুসাইন শেখদের সঙ্গে আমাদের পূর্ববিরোধ রয়েছে। কয়েক দিন আগেও তারা আমার ভাইকে মারধর করেছিলেন। শুক্রবার ভাই বাড়ি ফেরার পথে হুসাইন ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, সুমন শেখ নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখমের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় :ফরিদপুর