তেলের কৃত্রিম সংকট, রংপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট চেষ্টার অভিযোগে চারটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে প্রশাসন।
শনিবার (৭ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলার নেতৃত্বে ফিলিং স্টেশনগুলোতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করা, তেল বিক্রির যন্ত্র বন্ধ রাখার অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জ্বালানি তেলের মজুত, সরবরাহ অবস্থা ও বিক্রির বিষয়ে ফিলিং স্টেশনগুলোর কার্যক্রম দেখাসহ ক্রেতাদের সচেতন করা হয়।
এদিন সকাল থেকে নগরীর বিভিন্ন তেল পাম্প ঘুরে মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকদের যানবাহন নিয়ে তেলের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। কোথাও কোথাও মোটরসাইকেলের লম্বা লাইন ছিল।
কয়েকজন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালক জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। ঈদের আগে এই সংকট বাড়তে হতে পারে, এমন ধারণা থেকে অনেকে আগাম তেল নিয়ে রাখার চেষ্টা করছেন।
রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলা বলেন, পাম্পগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ ও মজুত থাকলেও ক্রেতাদের মধ্যে তেল সংকটের গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী এটিকে পুঁজি করে তেল বিক্রি বন্ধ রেখেছেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।