logo

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
সিলেট স্বাস্থ্য বিভাগের কার্যালয়। ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৪ রোগী।

শনিবার (১৬ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজন মৌলভীবাজারের কুলাউড়ার আবুল কালামের ৫ মাস বয়সি ছেলে আল সাইফ এবং অন্যজন সুনামগঞ্জের ছাতকের আবুল হোসেনের ৮ মাস বয়সি মেয়ে রাফা আক্তার।

বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৩৬ জন হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১২৩ জন রোগী ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৪ জন ভর্তি আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।