logo

লংমার্চ নিয়ে জুজুর ভয় দেখিয়ে লাভ নেই: গোলাম পরওয়ার

লংমার্চ নিয়ে জুজুর ভয় দেখিয়ে লাভ নেই: গোলাম পরওয়ার
যশোর-কুষ্টিয়া লংমার্চের প্রস্তুতি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: এশিয়া পোস্ট

‘লংমার্চে পতিত সরকার ফিরে আসবে’—এমন নতুন ন্যারেটিভ তৈরি করে বিএনপি সরকার জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা খুঁজছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করতে ভয়ভীতি দেখানোর কৌশল নিয়েছে সরকার।

রোববার (১১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরের হলরুমে আগামী ৩১ অক্টোবর যশোর-কুষ্টিয়া লংমার্চের প্রস্তুতি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গণভোট বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে বলে জানান জামায়াতের এ শীর্ষ নেতা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এর আগে ১১ দলীয় জোটের অধীনে দুটি লংমার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের লংমার্চও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির কারণে সাময়িকভাবে যাতায়াত ও চলাচলে কিছুটা ভোগান্তি হতে পারে। এজন্য সংশ্লিষ্ট অঞ্চলের ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্তরের মানুষের কাছে আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।

লংমার্চের কর্মসূচির বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, নির্ধারিত দিনে সকাল ৭টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকায় সংক্ষিপ্ত জনসভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় এক হাজার গাড়ির বহর কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করবে। প্রায় ১২ ঘণ্টার এ দীর্ঘ পথযাত্রায় গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুল, সংসদ সদস্য মোক্তার আলী এবং ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর ও গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা।