তারেক রহমানের হাতকে শক্তিশালী করা জরুরি: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সবাই মিলে সহযোগিতা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করাটাই এ মুহূর্তে খুব জরুরি। দেশের প্রয়োজনে মানুষের জন্য তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। গত ১৭ বছরের অভিজ্ঞতার বর্ণনা নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। আপনি-আমি সবাই আন্দোলন করে সরকার গঠন করেছি, যেখানে কোনো স্বাভাবিক নির্বাচনি প্রক্রিয়া ছিল না। আজ আমরা নতুনভাবে নির্বাচনি প্রক্রিয়া শুরু করেছি এবং এই যাত্রাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের শহরের একটি রেস্তোরাঁয় সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। তাই আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের দায়িত্ব হলো নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আগামী দিনগুলো অতিক্রম করা। দল-মত নির্বিশেষে আমরা চেষ্টা করব দেশের গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে। গণতন্ত্রের ভিত শক্ত হলে দৈনন্দিন বা রুটিন কাজের মাধ্যমেও বাংলাদেশে উন্নয়ন সম্ভব। গত ১৭-১৮ বছর বাংলাদেশে ভালো কোনো রাজনৈতিক ইতিহাস ছিল না; আমরা একেকজন একেকভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। আজ আমরা একটি স্বাভাবিক জীবন ফিরে পেয়েছি। মাত্র তিন বছর আগেও আমরা এমন স্বাভাবিক জীবন পাব বলে চিন্তা করতে পারিনি, কিন্তু পেয়েছি। এখন আমাদের এই স্বাভাবিক পরিবেশ ধরে রাখতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, এতদিন আমরা রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদের জীবনসংগ্রামে এগিয়ে যেতে হবে।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান প্রমুখ।
