ফুটপাত দখলমুক্ত করতে কুসিকের অভিযান, দুজনকে জরিমানা

নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর ব্যস্ততম রাজগঞ্জ দুধ বাজার ও এর আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, রাজগঞ্জ দুধ বাজার ও আশপাশের এলাকার সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুজনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। জনদুর্ভোগ কমাতে ও নাগরিকদের চলাচলের অধিকার নিশ্চিত করতে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ দুজনকে জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।
অভিযানকালে কুসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা সেটু কুমার বড়ুয়াসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

