যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র শাহরিয়ার নুর হোসেন জিসানের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক দিন পর একই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল নদীতে তল্লাশি চালানোর সময় হঠাৎ তার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন।
নিহত শাহরিয়ার নুর হোসেন জিসান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার হাজী রফিক সড়ক এলাকার আলী আকবরের ছেলে। তিনি গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট’ বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
বেলকুচি ফায়ার সার্ভিসের ইনচার্জ শহিদুর রহমান ও নিহতের স্বজনরা জানান, সিরাজগঞ্জ শহরের বন্ধু জাহিদ হাসান আঁচলসহ মোট ৫ বন্ধু মিলে রোববার দুপুর আড়াইটার দিকে এনায়েতপুর স্পার বাঁধে বেড়াতে আসেন। এরপর চার বন্ধু মিলে যমুনা নদীতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ জিসান নদীতে তলিয়ে যান। বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে রাজশাহী থেকে আসা ৫ সদস্যের ডুবুরি দল রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। রাতে উদ্ধার অভিযান স্থগিত রেখে সোমবার সকালে তারা পুনরায় তল্লাশি শুরু করেন। একপর্যায়ে দুর্ঘটনাস্থলের পাশেই জিসানের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন।
