এসপি কার্যালয়ের সামনে অভিজাত ফ্ল্যাটে ইয়াবার কারবার

কক্সবাজার শহরে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনের একটি অভিজাত আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তিনটি মোবাইল ফোন ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাভেল ব্যাগও জব্দ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) রাতে শহরের নিউ সার্কিট হাউস সড়কের ‘কোরাল রীফ পূর্বিতা সুলতান ভিলা’র নবম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার নাউডোবা এলাকার আব্দুল কাদেরের ছেলে আরমান রয়াতী ওরফে আরমান বয়াতী (২৭), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ওয়াহেদপুর এলাকার নুরুল আমিনের ছেলে মো. শামীম (৩০) এবং ভোলার চরফ্যাশন উপজেলার ভূঁইয়ারহাট এলাকার আবুল কাশেমের ছেলে মো. রাকিব (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে কোরাল রীফ পূর্বিতা সুলতান ভিলার নবম তলার ৮/এ নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে, তাদের শয়নকক্ষের দেয়ালে থাকা কেবিনেট থেকে কালো রঙের দুটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ দুটির ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩০টি প্যাকেট ছিল। সেগুলোর ভেতরে নীল রঙের পলিজিপারে রাখা মোট তিন লাখ ইয়াবা পাওয়া যায়।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করা ইয়াবাগুলো ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে ফ্ল্যাটটিতে মজুত করা হয়েছিল। ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মো. রাহাদ হোসেন (২৬) নামের এক ব্যক্তির সহায়তায় তারা পরস্পরের যোগসাজশে ফ্ল্যাটটি ভাড়া নেন। দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটি ইয়াবা কেনাবেচার কাজে ব্যবহার করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
তিনি আরও বলেন, ফ্ল্যাটটির ভাড়ার চুক্তিনামা পলাতক রাহাদ হোসেনের নামে রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

