logo

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে পদত্যাগ করা সেই বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে পদত্যাগ করা সেই বিএনপি নেতা গ্রেপ্তার
পদত্যাগ করা বিএনপি নেতা বোরহান মাহমুদ। ছবি: এশিয়া পোস্ট

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’ ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া বিএনপি নেতা বোরহান মাহমুদকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পার্শ্ববর্তী মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বোয়ালমারী থানা পুলিশের একটি দল মধুখালী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা।

Advertisement

২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তার এক বছরের কারাদণ্ড হয়।

এর আগে গত ২৪ নভেম্বর দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে ব্যক্তিগত ছবি সংযুক্ত করে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান। সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’ পরদিন বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল ধ্বংসের অভিযোগ তোলেন তিনি। এ সময় দলীয় নেতৃত্বের বিরুদ্ধেও নানা মন্তব্য করেন।

বোরহানের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় সাহা তাকে ‘মবকারী’ আখ্যা দেন। এ কারণেই তিনি দলীয় পদ ছেড়েছেন।

এদিকে বোরহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে একাধিক অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। তার অভিযোগ, তিন-চার মাস আগে কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে তাদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা নেওয়া হয়। পুলিশের সহায়তায় তিনি মোটরসাইকেল ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেন সঞ্জয়।

সম্প্রতি কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। এ ছাড়া কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের ছবি নামিয়ে ফেলার অভিযোগ রয়েছে বোরহানের বিরুদ্ধে। সর্বশেষ গত রোববার মুসা চেয়ারম্যানকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন সঞ্জয় সাহা। তবে এসব অভিযোগের বিষয়ে বোরহানের বক্তব্য পাওয়া যায়নি।

বোরহানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বোরহান কিছুদিন তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাকে মৌখিকভাবে নিজের সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছিল। সম্প্রতি বোরহান দলের সিনিয়র নেতাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। বোরহানের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না বলেও উল্লেখ করেন সাবেক এই সংসদ সদস্য।

তবে বোরহানের পদত্যাগের ঘোষণা এলেও উপজেলা বিএনপি এখনো কোনো লিখিত পদত্যাগপত্র পায়নি। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সভা ডাকার কথা জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। তিনি বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল ও বড় রাজনৈতিক দল। এখানে কারও ব্যক্তিগত উচ্চাভিলাষ বা বিশৃঙ্খল কর্মকাণ্ডের সুযোগ নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা বিএনপি সব সময় কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, আমি দলে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেব না। দলের স্বার্থে প্রয়োজনে জীবন দেব, তবু চাঁদাবাজি হতে দেব না। বোরহানের বিষয়ে সাংগঠনিক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাত ২টা ৫২ মিনিটে নিজের ভাড়া বাসার ভেতর থেকে ফেসবুকে ভিডিও বার্তা দেন বোরহান। সেখানে তিনি অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে আওয়ামী লীগ আমলে যুবলীগ নেতা দাউদের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। সন্তানসম্ভবা স্ত্রী ও অসুস্থ মা বাসায় থাকা অবস্থায় পুলিশ পাঠানোকে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলেও দাবি করেন তিনি। ভিডিও বার্তায় কারাগার থেকে বের হয়ে খন্দকার নাসিরুল ইসলামের একক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ফরিদপুর-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন বোরহান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, একটি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বোরহান মাহমুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার মধুখালী থানা পুলিশের সহায়তায় উপজেলার সদর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে আজ ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।