রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

রাজশাহীর সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বাঘা থানাধীন সীমান্তবর্তী এলাকা রাওথা এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী মোটরসাইকেলসহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। এর আগে গত ১৭ জানুয়ারি বিজিবির একটি টিম কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।
রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে নদীপথে অস্ত্রের একটি চালান আসছে। তথ্যের ভিত্তিতে বিজিবির সীমান্তবর্তী সব বিওপির বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় অ্যামবুশ করে বসে থাকে। দীর্ঘ প্রতীক্ষার পর বাঘা থানাধীন রাওথা পিরোজপুর এলাকায় অ্যামবুশ দল দেখতে পায় ভোরবেলা সন্দেহভাজন একজন মোটরসাইকেলে করে যাচ্ছে। তার গতি রোধ করা হলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেই মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে কাভারের উভয় পাশে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকা রাজশাহী জেলায় মোট ১০টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ সদস্য, পদ্ম নদীতে ৭টি স্পিডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তের ১৬টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ মোট ৭০০ সদস্য মোতায়ন করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকার সীমান্তবর্তী ৩টি উপজেলায় মোট ৬৪টি ভোটকেন্দ্র রয়েছে।