সুনামগঞ্জে সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

সুনামগঞ্জের ছাতকে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৮ জুন) সন্ধ্যার দিকে উপজেলার আইন্দারগাঁও এলাকা থেকে ওই ছেলেশিশুকে উদ্ধার করেন সিএনজিচালিত অটোরিকশার চালক কাওছার আহমেদ।
জানা গেছে, ছাতক থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনে গাড়ি থামান কাওছার আহমেদ। পরে তিনি সেখানে থেকে আনুমানিক সাত দিন বয়সি নবজাতক শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারকালে শিশুটির হাতে কেনুলা লাগানো ছিল বলে জানা গেছে। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন কাওছার আহমেদ।
কাওছার আহমেদ পাশের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর (নোয়াগাঁও) গ্রামের বাসিন্দা।
ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন বলেন, উদ্ধার হওয়া নবজাতক হাসপাতালে ভর্তি রয়েছে, তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। শিশুটি সুস্থ হওয়ার পর যদি কেউ তার দায়িত্ব নিতে আগ্রহী হন, তাহলে সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি জানান, বর্তমানে শিশুটি উদ্ধারকারী কাওছার আহমেদের জিম্মায় হাসপাতালে ভর্তি রয়েছে এবং মেডিকেল কর্তৃপক্ষ তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নবজাতকের প্রকৃত পরিচয় শনাক্তে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম চলছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।


