নাজিরপুর কলেজের নাম বদলে হলো ‘নাজিরপুর শহীদ জিয়া কলেজ’

এশিয়া পোস্ট নিউজ, পিরোজপুর
নাজিরপুর কলেজের নাম বদলে হলো ‘নাজিরপুর শহীদ জিয়া কলেজ’
নাজিরপুর শহীদ জিয়া কলেজ। ছবি: এশিয়া পোস্ট

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নাজিরপুর কলেজের নাম পরিবর্তন করে ‘নাজিরপুর শহীদ জিয়া কলেজ’ রাখার অনুমোদন দিয়েছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

Advertisement

গত রোববার (২৮ জুন) জারি করা প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল অঞ্চলের অন্তর্ভুক্ত পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত নাজিরপুর কলেজের নাম পরিবর্তন করে ‘নাজিরপুর শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’ নাম অনুমোদন করা হয়েছে।

এ বিষয়ে নাজিরপুর শহীদ জিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোমেনা খানম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের নতুন নাম আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। এটি কলেজের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। এখন থেকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নতুন নামেই পরিচালিত হবে।

তিনি বলেন, নাজিরপুর শহীদ জিয়া কলেজ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চ মাধ্যমিক ও স্নাতক (ডিগ্রি) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান।

১৯৭২ সালে প্রায় ছয় একর জমির ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নাম পরিবর্তনের ফলে কলেজটির সব ধরনের দাপ্তরিক নথি, সনদ, প্রশাসনিক কার্যক্রম ও ভবিষ্যৎ একাডেমিক কার্যক্রম নতুন নাম অনুযায়ী পরিচালিত হবে।

বিষয় :পিরোজপুর